গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাত তলা ভবনের ওই পোশাক কারখানাটির সবার উপরের তলায় আগুন লাগে।
পরে জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেডসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে সাত তলা ভবনের ওই পোশাক কারখানাটির সবার উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই তলায় কারখানার তৈরি করা পোশাক শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল।
এ ছাড়া সেখানে বিপুল পরিমাণ পোশাক তৈরির ফেব্রিক্সও ছিল। আগুনে তৈরি করা সব পোশাক ও ফেব্রিক্স পুড়ে গেছে।
উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এমবি





