পাবনার বেড়ায় ডাকাত ভেবে ২ পুলিশসহ ৪ জনকে গণধোলাই দিয়েছে জনতা। বুধবার ভোররাতে পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে ডাকাত সন্দেহে দুই পুলিশ সদস্যসহ ৪ জনকে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে আটক করে রাখে জনতা।

পরে বেড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বেড়া হাসপাতালে ভর্তি করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের পোষাক পরিহিত থাকাবস্থায় এবং পরিচয় দেয়ার পরে স্থানীয় জনগন এই ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে একটি ট্রলার যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দ্ইু পুলিশ সদস্য এক ডাকাতি মামলার দুইজন আসামী গ্রেফতার করে শাহজাদপুর থেকে ডাকাতি মামলার আলামত সংগ্রহ করে নিজ থানায় রওনা হয়।

রাত ২.৪৫ মিনিটের দিকে ট্রলার থামিয়ে তারা বেড়া উপজেলার নাকালিয়া এলাকায় যায় সেহরী খাওয়ার জন্য। সেহরীর সময় হওয়াতে তারা ট্রলার ঘাটে ভিড়িয়ে বাজারের মধ্যে খাবার খুঁজতে যায়। এ সময় ওই বাজারের নাইটগার্ড আব্দুল লতিফ তাদেরকে দেখে ডাকাত সন্দেহ করলে তাদের বাগবিতন্ডা হয়।

একপর্যায়ে লতিফ মাইক দিয়ে ডাকাত ডাকাত চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে চারদিক থেকে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশের পোশাক পরিহিতি অবস্থায় এস আই লাল মিয়া ও কনস্টেবল চুন্নু মিয়াসহ তাদের সাথে থাকা খোরশেদ (৩৫) ও ট্রলারের মাঝি নরেশকে গণধোলাই দিয়ে আটকে রাখে।

এ সুযোগে অপর আসমী আব্দুল হক ও আরেক মাঝি দুলাল নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং প্রকৃত ঘটনা জানাতে পারেন। দ্রুত তাদের ভোর রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গত এক বছরের ব্যবধানে নাকালিয়া বাজারের স্বর্ণের দোকানে বেশ কয়েকটি গণডাকাতি সংগঠিত হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করায় এ ঘটনা ঘটতে পারে।।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএনজে