ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও মানবিক বিপর্যয়ে বিশ্ব নেতৃত্বের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

মঙ্গলবার নিউইয়র্কের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়ে এক উম্মুক্ত বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ.কে আব্দুল মোমেন এ বিষয়ে ক্ষোভ জানান।

বিতর্কে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টিরও অধিক সদস্য রাষ্ট্র অংশ নেয়। 

বিতর্কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র ইসরায়েল আন্তর্জাতিক সকল বিধি-নিষেধ অমান্য করে ফিলিস্তিনিদের উপর অমানবিক ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী হত্যাযজ্ঞ চালাচ্ছে। আশা করি নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতৃত্ব নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সহমর্মিতা, ভাতৃত্ববোধ ও অকুন্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য নিরাপত্তা পরিষদ একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা করি। যেন ফিলিস্তিন ও ইসরায়েল দুটি স্বাধীন দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ