নড়াইলের কালিয়ায় চাঞ্চল্যকর আজমল খুনের অন্যতম আসামি মিকান মোল্যা কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাঞ্চন কুমার বিশ্বাসের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) এস এম সবুর আলীসহ একদল পুলিশ সোমবার (২৫ ডিসেম্বর) কালডাঙ্গা গ্রাম সংলগ্ন সোলার ডোব বিল থেকে আনুমানিক সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিকান মোল্যাকে জেলা সিআইডি দফতরের হেফাজতে রাখা হয়েছে। মিকান মোল্যা ওই গ্রামের মৃত.আকছির মোল্যার ছেলে।
মামলার এজহার ও বাদি সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট সন্ধ্যায় কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের কৃষক আজমল ফকির খুন হন। নিহত আজমলের দুঃসম্পর্কের আত্মীয় পাভেল মোল্যা বাদী হয়ে গত ২৮ আগস্ট চাঁচুড়ি ইউনিয়ন আ’লীগের বহিস্কৃত সভাপতি মশিয়ার রহমান ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আসলাম মোল্যাসহ ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত সংশ্লিষ্ট থানাকে মামলাটি রেকর্ড করে তদন্তের নির্দেশ দেন। পাভেল আদালতে মামলা দেয়ার আগে থানায় মামলা দিতে গেলে কালিয়া থানা পুলিশ মামলা নিতে অস্বিকার করে। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।
খুনিরা প্রভাবশালী ও বিত্তবান হওয়ায় থানা পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করেন।
আদালতে দায়েরকৃত হত্যা মামলার এজাহারে উল্লেখ আছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালডাঙ্গা গ্রামের মিকান মোল্যা মোবাইল ফোনে নিহত আজমলকে স্থানীয় আটলিয়া মোড়ে আসার কথা বলে। কিছু সময় পর আজমল ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামি মশিয়ার মোল্যার নেতৃত্বে সোহেল মোল্যা, মিকান মোল্যা, তারেক মোল্যা, সাইফুল শেখ ও তরিকুল মোল্যাসহ একদল দুর্বৃত্ত আজমলকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে।
খুনিরা এ হত্যাকান্ড ঘটিয়ে প্রতিপক্ষদের ফাঁসানোর চেষ্টা করে।
নিহতের পিতা মান্নান ফকিরের ওপর প্রভাব খাটিয়ে মশিয়ার রহমান প্রতিপক্ষ গ্রুপের ২৫ জনকে আসামী করে কালিয়া থানায় অপর একটি হত্যা মামলা দায়ের করেন। শুরু থেকেই এ হত্যা নিয়ে নানা গুঞ্জন উঠে।
পুলিশ সদর দফতরের নির্দেশে কালিয়া থানা পুলিশের কাছ থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পুলিশের কাছ থেকে মামলার যাবতীয় নথি বুঝে পাওয়ার পর গত ৭ নভেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাঞ্চন কুমার বিশ্বাস জানান, ‘আজমল হত্যা মামলায় মিকান মোল্যা নামে একজনকে কালিয়া উপজেলার কালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।





