চট্টগ্রামে থানায় আত্মসমর্পণের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ বেলাল।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বেলাল (৪৩) নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আবদুল কাদেরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।
খুলশী থানার ওসি প্রনব চৌধুরী জানান, ১৩ মামলার আসামি বেলাল বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজেই থানায় আত্মসমর্পণ করেন। এরপর বেলালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে জালালাবাদ পাহাড়ে অভিযানে যায় পুলিশ। এসময় বেলালকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এসময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এক পর্যায়ে তার সহযোগীরা পিছু হটে।
তিনি আরও বলেন, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
ওসি প্রনব দাবি করেন, নিহত বেলাল পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় ১১টি মামলা আছে। নগরীর অন্য থানায় আরও ২টি মামলা রয়েছে।
এমবি





