ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বৈশাখী পরিবহনের চলন্ত একটি বাসে যাত্রী সেজে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।
সাভারের ব্যাংকটাউন এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার বাসযাত্রী মো. মাসুদ বলেন, ‘বৈশাখী পরিবহনের একটি বাসে সাভার থেকে ঢাকা যাচ্ছিলাম। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি চালককে জিম্মি করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে তারা চলন্ত বাসে যাত্রীদের মারধর করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডাকাতরা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় নেমে যায়।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, ডাকাতির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তা ছাড়া যাত্রীদের মুঠোফোনের সূত্র ধরে ডাকাতদল এবং বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
জেডআই





