খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। পাহাড়ি ও বাঙালি সংগঠন একই দিন পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসন জানায়, দীঘিনালায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দফতর স্থাপনের কথা চলছে। এর প্রতিবাদে সম্প্রতি ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটিসহ কয়েকটি পাহাড়ি সংগঠন বৃহস্পতিবার সকাল ৯টায় দীঘিনালা উপজেলা পরিষদ থেকে বাবুছড়া পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়।

এদিকে, এ উপজেলায় বিজিবি সদর দফতর স্থাপনের দাবিতে একই দিন দীঘিনালা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের জন্য বুধবার উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এজন্য সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দীঘিনালা শহরে ১৪৪ ধারা জারি করেন ইউএনও।

ডাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ