খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক নিয়োগে পাহাড়ী বাঙালী সমান কোটা দাবি করে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি) নামে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির বহিষ্কৃত নেতারা।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের টঙ্গ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের সাবেক বহিষ্কৃত জেলা সহ-সভাপতি মাঈন উদ্দিন।
সংগঠনটির নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন সাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মাইন উদ্দিনের নেতৃত্বে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ব্যানারে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এটি একটি উদ্দেশ্য মূলক এবং বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষি মহল দীর্ঘদিন তা করে আসছে। মূলত তাহাদের সাথে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কোন সম্পৃক্ততা নাই।
বিবৃতিতে এ ধরনের অপপ্রচারের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
একই সাথে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামীতে এই ধরনের মিথ্যা পদ-পদবি দিয়ে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ব্যানার ব্যবহার করলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতির জন্য পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ দায়ী থাকবেনা।
জেড





