সৎ বাবা আবদুস সালামের বিরুদ্ধে বিষপানে ছেলে রাকিবুল ইসলাম রানাকে (১৬) হত্যার অভিযোগ করেছেন মামা ইমরান হোসেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার সকাল ১১টায় রানার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রানার মামা ইমরান হোসেন জানান, রানা পটুয়াখালী মির্জাগঞ্জের গাবুয়া গ্রামের চুনু মিয়ার ছেলে। মা সেলিনা বেগম পাঁচ বছর আগে আব্দুস সালাম নামে এক যুবককে বিয়ে করে।
দু’দিন আগে রানা মার সঙ্গে দেখা করতে মিরপুর শহআলী উত্তর বিশিল এলাকায় যায়। সেখানে সৎ বাবা তাকে রেখে দেয়। কিন্তু মা ওই বাবার সঙ্গেও ঝগড়া করে সেখান থেকে চলে যায়, এটা রানা জানত না।
মামা অভিযোগ করেন, সৎ বাবা রানাকে মারধর করে সোমবার সন্ধ্যায় বিষপান করায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে তার মৃত্যু হয়।
শহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমকে





