চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম (১৯) ও মোহাম্মদ হোসেন (২৫) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের রশিদার পুকুর পাড় এলাকায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, দৌলতপুর ইউনিয়নের রশিদার পুকুর পাড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নন্যা মিয়ার ছেলে ফাহিম ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া নানুপুর ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ হোসেনকে আহতাবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
তিনি জানান, নিহত মোহাম্মদ হোসেন অটোরিকশার চালক। হতাহত বাকি সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় মো. রমজান আলী (১৯), মো. জিয়া (১৮) ও মো. রফিককে (২৮) চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মো. রফিকের অবস্থা আশঙ্কাজনক।
এমকে





