ঝিনাইদহের কোটচাঁদপুরে গুঁড়া মসলা খেয়ে ১০ স্কুলছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বলরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্ররা হলো- বলরামনগর গ্রামের তারিক, সাগর, মেহেরাব, রতন কুমার, তুষার, শামিম, জিহাদ, সোহেল, আলম মামুন ও মাহফুজ।

বলরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বুধবার পঞ্চম শ্রেণির ছাত্র বায়োজিদ তার বাড়ি থেকে একটি প্যাকেটজাত মসলা (দারুচিনি, ধনিয়া ও জিরার গুঁড়া) নিয়ে আসে।

ক্লাসের ফাঁকে বায়োজিদ সহপাঠীদের সঙ্গে নিয়ে এ মসলা খায়। এতে তারা পেটে ব্যথা, খিঁচুনি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, অসুস্থ দশ শিক্ষার্থী বর্তমানে আশংকামুক্ত। মেয়াদোত্তীর্ণ মসলা খেয়ে তারা অসুস্থ হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

কেএইচ