কুমিল্লার দেবিদ্বারে চলন্ত ট্রাকে দুষ্কৃতিকারীদের পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, ইউছুফপুর গ্রামের আঃ আউয়াল মেম্বারের ছেলে অলিউল্লাহ এবং বুড়িচং উপজেলার সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর এলাকায় চলন্ত ট্রাকে দুষ্কৃতিকারীরা পেট্রলবোমা হামলা চালায়।
ওই সময় ট্রাকের চালক (মালিক) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়িউড়া গ্রামের আবু তাহেরের পুত্র মনির হোসেন (৪৫) ও জেলার মজলিশপুর ইউনিয়নের মইন গ্রামের সোনা মিয়ার পুত্র হেলপার জজ মিয়া (৪০) অগ্নিদগ্ধ হয়।
আশঙ্কাজনক অবস্থায় হেলপার জজ মিয়া ও চালক মনিরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় থানার এসআই জাকির শিকদার বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১৮জনের নামে এবং আরো ১২ জনকে অজ্ঞাত করে ৩০জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে।
দেবিদ্বার থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।
কেএইচ





