সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গাইবান্ধা সদর থানা পুলিশ শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভার কার্যক্রম শুরু করেছেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ রাজিউর রহমানের উদ্যোগে এই কার্যক্রমের বাস্তবায়িত হচ্ছে।
এ লক্ষ্যে বুধবার গাইবান্ধা এন.এইচ মডার্ণ হাইস্কুলের শিক্ষার্থীদের সাথে ওই বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর থানার ওসি আহম্মেদ রাজিউর রহমান, এসআই মাহাবুবসহ প্রধান শিক্ষক রবিউল ইসলাম, অন্যান্য শিক্ষকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এতে উপস্থিত ছিল। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সদর থানা পুলিশের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ককটেল বা বোমা সাদৃশ্য কোনো বস্তু, অপরিচিত ব্যাগ কোথাও পড়ে থাকতে দেখলে তা স্পর্শ না করে সাথে সাথেই সদর থানা পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হয়।
এছাড়াও মতবিনিময় সভায় মাদক দ্রব্যের অপব্যবহার, নারী পাচার, নারী নির্যাতন, যৌতুক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, মানবাধিকার লংঘন বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা, সৎ চরিত্র গঠনে সচেতনতা ও উৎসাহিত করা বিষয়েও আলোচনা করা হয়।
গাইবান্ধা সদর থানা পুলিশের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে বিদ্যালয় কর্তৃপক্ষসহ সচেতন নাগরিকরা প্রশংসা করেছেন।
কেএইচ





