নিরাপত্তাহীনতায় ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির এক কর্মকর্তা। তার নাম আনজুম ইসরার।

সোমবার পুলিশ পাহারায় তাকে বনানী এলাকা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়। পুলিশ ও আইসিডিডিআরবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে পাকিস্তানি নাগরিক আনজুম ইসরার রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবিতে অর্থ নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন। যোগদানের পরপরই তার ঠিকানায় একটি চিঠি আসে। ওই চিঠিতে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও দেশ ছেড়ে যেতে বলা হয়। তা না হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয় চিঠিতে। এ হুমকি পেয়ে তিনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আনজুম বিষয়টি কয়েকজন সহকর্মীর মাধ্যমে বনানী ও গুলশান থানাকে জানান। তবে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি তিনি। আনজুম ইশরারের অনুরোধে বনানী ও গুলশান থানা পুলিশ গতকাল দুপুরে কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়।

আইসিডিডিআরবির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে। আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিডিডিআরবি তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। চলতি সপ্তাহে তাদের একজন কর্মী হুমকি পেয়েছেন। এরপর তারা ওই কর্মীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

আইসিডিডিআরবির প্রেস বিজ্ঞপ্তিতে আনজুম ইসরারের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি সরাসরি বলা না হলেও পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার দুপুরেই তিনি ঢাকা ছেড়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আইসিডিডিআরবির ওই কর্মকর্তা পুলিশের কাছে বিমানবন্দরে পৌঁছার জন্য নিরাপত্তা সহায়তা চাইলে তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।

আনজুম আসরার এর আগে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

এএইচ