সাভারে বেদেপল্লীর ৬৫ জন নারীর মাঝে একটি করে সেলাই মেশিন ও প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বুধবার দুপুরে অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাঝে এই সেলাই মেশিন ও সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুয়েতের মাশরু আল-রাজি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফায়েজ হামুদ আল এনেজি।
হাবিবুর রহমান বলেন, সাভারের পোড়াবাড়ি, অমরপুর, কাঞ্চনপুর মহল্লার অধিবাসিরা সমাজের অবহেলিত হওয়ায় তাদের মধ্যে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে। ঢাকা জেলা পুলিশের অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবেই এ সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকদেরকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা হচ্ছে। পাশাপাশি সমাজের মূল স্রোতের সঙ্গে সংযুক্ত করতে মহিলাদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী আশরাফুল আজীম, সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ, অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান প্রমুখ।
কেএইচ





