ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হারুন (৪৬) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।
আজ (মঙ্গলবার) ভোর রাতে জেলার হরিপুর উপজেলার শীতলপুর এলাকার এ ঘটনা ঘটে। নিহত হারুন (৪৬) হরিপুর উপজেলার শীতলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ‘মাদক ব্যবসায়ী’ হারুনসহ আরও কয়েকজন ‘মাদক ব্যবসায়ী’ পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষনে ঘটনাস্থলে ‘মাদক ব্যবসায়ী’ হারুন (৪৬) নিহত হয়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ ‘মাদক ব্যবসায়ী’ হারুনের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে শীতলপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় হারুন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। হারুনের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস।
আরিফ/এমবি





