সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রোববার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার শুনানি চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞান হয়ে পড়েন মামলায় অভিযুক্ত সিলেট সিটি মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী।
পরে তার মাথায় পানি ঢালা হয় এবং তাকে হালকা বাতাস দেয়া হয়। অবশ্য, কয়েক মিনিট পর বিদ্যুৎ চলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এদিকে, এই মামলার শুনানি চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী স্বাস্থ্যগত বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ লালা। চিকিৎসার্থে তিনি আরিফুল হককে সিলেট, ঢাকা কিংবা দেশের বাইরে কোনো হাসপাতালে ভর্তি করতে আদালতের নির্দেশনা কামনা করেন।
জবাবে আদালত আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
কাঁদলেন আরিফ
রোববার সকাল পৌনে ১১টার দিকে আরিফুল হককে কারাগার অ্যাম্বুলেন্সযোগে আনা হয় আদালত চত্বরে। এরপর তাকে হুইল চেয়ারে করে নেয়া হয় এজলাসে। এ সময় আদালত চত্বরে ভিড় করেন বিপুলসংখ্যক বিএনপি’র নেতা-কর্মী। আরিফুল হককে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর নেতা-কর্মীরা মুহুর্মুহূ শ্লোগান দিতে থাকে। নেতা-কর্মীদের উচ্ছ্বসিত ভালোবাসায় এ সময় আরিফকে কাঁদতে দেখা যায় ।
এএইচ





