কুমিল্লার গোমতী নদীর ব্রিজের নিচ থেকে দুই হাত বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল (০১ জানুয়ারি) বুধবার গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচ থেকে পুলিশ সাবাত হোসেন (২৮) নামের যুবকের লাশ উদ্ধার করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সাবাত হোসেন কুমিল্লা নগরীর বিষ্ণুপুর (মুন্সেফ কোয়ার্টার) এলাকার ডা. লিয়াকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক, ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন কাদিরসহ পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ ও এলাকার লোকজন লাশটি সাবাত হোসেনের বলে শনাক্ত করে।

সাবাতের পরিবারের লোকজন জানান, তিনি আইটি বিশেষজ্ঞ ছিলেন।

কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, “নিহতের দুই হাত বাঁধা অবস্থায় কালো স্কসটেপ দিয়ে পেঁচানো ছিল। মঙ্গলবার রাতের যেকোনো সময় হত্যার পর তাকে নদীতে ফেলে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, তদন্তের পর বলা যাবে।”

এমবি