মিথ্যা সাক্ষী দেওয়ায় নাটোরে মামলার বাদীসহ তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে নাটোরের আমলি আদালত-১ এর বিচারক শামসুল আল আমিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মামলার বাদী গুরুদাসপুর উপজেলার বামখোলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, সাক্ষী একই গ্রামের জুয়েল রানা ও মশিন্দা গ্রামের ফিরোজ আলী।

আদালতের রেজিস্ট্রার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাটোরের আমলি আদালত-১ এ সেলিনা বেগমের দায়ের করা একটি প্রতারণা মামলায় মঙ্গলবার দিন ধার্য ছিল।

দুপুরে সেলিনা বেগম ও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে সন্দেহ হলে জেরার একপর্যায়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

পরে বিচারক শামসুল আল আমিন ব‍াদী ও দুই সাক্ষীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওএফ