যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৪ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে শুক্রবার রাত ৮টার দিকে তাদের ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো নারী-পুরুষরা হলো, খুলনা জেলার পাইকগাছা সদরের শেফালি (৪৫), সুবাস সরদার (৪৮), মাগুরা জেলার সদর থানার রেখা রানী (৫০) ও তার স্বামী রবীন্দ্রনাথ সরদার (৫৩)।
ফেরত নারী-পুরুষরা জানান, মামুন নামে একজন পাচারকারী তাদের প্রত্যেকের কাছ থেকে তিন হাজার পাঁচশত টাকা নিয়ে বেনাপোলের গাতিপাড়ার অবৈধপথে ভারত পাঠায়। তারা ভারত সীমান্তে গেলে বিএসএফ ধরে ক্যাম্পে নিয়ে যায়।
বেনাপোল আইসিপি ক্যাম্পে নিয়ে আসা ভারতীয় বিএসএফের নারী সদস্য গিরিবালা সিংহ এবং প্রমিলা ঘোষ জানান, তারা অবৈধপথে ভারতের জয়ন্তীপুর গেলে টহলরহ বিএসএফ সদস্যরা শুক্রবার দুপুরে তাদের আটক করে।
২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আয়ুব আলী জানান, রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এএইচ





