দুই দিন পর ডুবে যাওয়া অয়েল ট্যাংকার সাউদার্ন স্টার সেভেন উদ্ধারের পর শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ, বনবিভাগ, বিপিসির সঙ্গে যৌথ সভা শেষে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সামছুদোহা খন্দকার বলেন, ‘পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নদীতে ভেসে থাকা তেল স্থানীয় লোকজনের সহায়তায় উত্তোলন করা হবে বলেও জানান তিনি।
সকালে মালিকপক্ষ মেসার্স হারুন এন্ড কোং এর ভাড়া করা ৩টি নৌযানের সহায়তায় ডুবন্ত ট্যাংকারটিকে টেনে প্রথমে নদীর চরে সরিয়ে নেয়া হয়। পরে সেখান থেকে সরিয়ে মংলার জয়মনিরঘোল এলাকায় রাখা হয়েছে ট্যাংকারটি।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরো বলেন, ‘এ চ্যানেল ছাড়াও বিকল্প অনেক চ্যানেল রয়েছে, সেগুলোতে পথ বেশি হবে, একটু বেশি ঘুরতে হবে। সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি জানান।’
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মংলার মেসার্স খানজাহান আলী স্যালভেজর ডুবরি দল ডুবন্ত ট্যাংকারের সঙ্গে লোহার তার পেঁচিয়ে উত্তোলনের কাজ শুরু করে। ট্যাংকারটি উত্তোলনে বিআইডব্লিউটিএর দুইটি উদ্ধারকারী জাহাজ আসার কথা থাকলে এখনো সেগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এদিকে ডুবরিরা অনেক চেষ্টা ও তল্লাশি চালিয়ে নিখোঁজ ট্যাংকারের মাস্টার মোকলেসুর রহমানের লাশের কোনো সন্ধান পায়নি। এ ছাড়া নদীতে ভাসমান তেল অপসারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজ কাণ্ডারী-১০ মংলায় পৌঁছেছে। আপাতত স্থানীয় লোকজনের সহায়তায় তেল উত্তোলন করা হবে। পরে বাকি তেল অপসারণে কাজ করবে কাণ্ডারী-১০।
জেআই





