বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার দূর্গম এলাকায় একটি বন্য হাতিকে হত্যা করে মাথা নিয়ে গেছে পাচারকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্গম চাকমা ঝিরি এলাকায় একটি বন্য হাতির সুর ও মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাতির দাঁত সংগ্রহ করার জন্য পাচারকারীরা এ কাজ করতে পারে বলে জানান তারা।

মাথাবিহীন হাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে সেনাবাহিনী, বনবিভাগ, আনসার ব্যাটেলিয়ন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সদস্যরা হাতিটির দেহ উদ্ধার কওে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি চালালে হাতির মাথাটির সন্ধান এখনো পাওয়া যায়নি।

লামা প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার বলেন, উদ্বারকৃত মাথাবিহীন হাতিটি পায়ের মাপ সাড়ে ৭ ইঞ্চি থেকে সাড়ে ১২ইঞ্চি, উচ্চতা ৬ফুট, এটি হাতির বাচ্ছা হতে পারে।

এদিকে হাতিটির দেহ পরীক্ষা করে ফরেনসিক রিপোর্টের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। পরে রাতে হাতিটিকে মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্টরা।

বান্দরবানের লামা বন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, হাতি হত্যার বিষয়ে লামা থানায় একটি জিডি করা হয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে বান্দরবান পার্বত্য জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতি হত্যা করে মাথা নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

 

ইআর