নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ও গুলিসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়েরুজ্জামন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ ওই বাড়িতে গিয়ে সন্ত্রাসী মাসুদকে আত্মসমর্পণের কথা বলে।

সন্ত্রাসী মাসুদ তার দেড় বছরের শিশু কন্যা ও স্ত্রীকে জিম্মি করে ঘরের দরজা আটকিয়ে রাখে এবং নিজে আত্মহত্যার হুমকি দেয়।

এক পর্যায়ে পুলিশ ওই ঘরের দরজা ভেঙে মাসুদকে গ্রেফতার করে। এসময় ঘরের শো-কেসের ড্রয়ার থেকে ১টি রিভলবার, ১টি পিস্তল, ৫৬ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যগাজিন ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২ থেকে তাকে আটকের চেষ্টা করা হয। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে মাথায় পিস্তল তাক করে অত্মহত্যার হুমকি দেয়।

মাসুদকে আটকের পর সে নিজেকে নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দাবি করে।

নাটোর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।

কেএইচ