দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরে ট্রাক চাপায় প্রান্ত নামের এক শিশু নিহত হয়েছে। নিহত প্রান্ত আদমজী সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে।
শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক মনির হোসেনকে আটক করেছে।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় কাভার্ডভ্যান চাপায় জয়নাল আবেদীন (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফরিদ উদ্দিন ফজু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও ২ মোটরসাইকেল আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় মিরপুর উপজেলার চারমাইল নামক স্থনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু মিরপুর উপজেলার মালিহাদ নতুন পাড়া এলাকার মৃত বাল্লক আহমেদের ছেলে।
দিনাজপুর: বীরগঞ্জ-খানসামা সড়কে নছিমন উল্টে গিয়ে রাধা রাণী (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত রাধা রাণী বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের রাজ কুমার রায়ের স্ত্রী। বৃহস্পতিবার রাত ১১টায় পৌর শহরের বীরগঞ্জ-খাসামা সড়কের মকছেদ মিলারের বাড়ির সামনে এ দুর্ঘটানা ঘটে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে নসিমনের চাপায় রিফাত (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে বেলকুচি উপজেলার সর্বতুলশী গ্রামের সুলতান আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার কল্যানপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নসিমন সর্বতুলশী গ্রামে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেআই





