কক্সবাজারের টেকনাফে আটকের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত হোসেন ‘ডাকাত ও মাদক ব্যবসায়ী’।

আজ (৩০ মার্চ) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের হাবিরছড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পুলিশের হাতে আটকের পর তার স্বীকারোক্তি মতে ডাকাত ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে নিয়ে শনিবার (৩০ মার্চ) ভোরে হাবিরছড়া পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশ প্রায় ৪০ রাউন্ড গুলি চালানোর পর একপর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে পুলিশ মোহাম্মদ হোসেনেরলাশ, ৩টি আগ্নয়াস্ত্র, ২ হাজার ইয়াবা ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে বলে জানান ওসি।

প্রদীপ কুমার দাশ জানান, এই ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ফরহাদসহ, কনস্টেবল ফাহিম ও মাসুদসহ ৩ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

নিহত মোহাম্মদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ কুমার দাশ।

এমবি