নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে। এই টিকা কার্যক্রম শুরুর আগে দেশে আরও টিকা আসবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আজ বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।

কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে আজ করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালবিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এমআর