কুমিল্লার লাকসামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার শ্রীয়াং গ্রামের সফিকুর রহমানের ছেলে আবদুর রহিম (৩০) ও আবদুল মন্নানের ছেলে সুলতান (২৮)। রোববার সকালে তারা মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীয়াং গ্রামের সাইফুল গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হন। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত আবদুর রহিম ও সুলতানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শ্রীয়াং-এ সংঘর্ষে দুইজন নিহতের খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইআর





