ভুয়া টিটি’র ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের নিয়মিত সভায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন। শিগগির মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানান।

জানা যায়, দুদক ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সাভার মডেল থানায় দন্ডবিধির ৪০৯/৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৪৭৭(ক)/১০৯ এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়মামলাটি দায়ের করে। মামলা নং-১৩।

পরে মামলার তদন্ত করেন দুদকের উপ-পরিচালক রেভা হালদার।

চার্জশিট ভুক্ত আসামিরা হলেন- সোনালী ব্যাংকের সাভার শাখার সাবেক ম্যানেজার মো. আক্কাস আলী, ওই শাখার সাবেক সিনিয়র অফিসার মো. ফজলুল হক, সভারের মেসার্স বেপারী এন্টারপ্রাইজের মালিক মো. রিয়াজ উদ্দিন, নর্থ সাউথ ব্রিকসের মালিক মো. আব্দুস সামাদ,

মেসার্স ভাই- বোন ষ্টোরের মালিক মো. মোজাম্মেল হক, মো. ওয়াহিদুল ইসলাম, মেসার্স মিতু এন্টারপ্রাইজের মালিক মো. মেহের উদ্দিন, মেসার্স জহির জেলারেল ষ্টোরের মালিক মো. এনামুল হক, মেসার্স একতা ব্রিকসের মালিক মো. আবদুল আলিম খান ও মেসার্স নবী এন্টারপ্রাইজের মালিক এস কে এম রবিউল ইসলাম (নবী)।

জানা যায়, সোনালী ব্যাংকের সাভার শাখা থেকে ভুয়া টিটি’র ( টেলিগ্রাফিক ট্রান্সফার) মাধ্যমে জালিয়াতি করে আসামিরা ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেছে। দুদকের তদন্তে তা প্রমাণিত হওয়ায় কমিশন চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।

ঢাকা,একে, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ