সাভারের আশুলিয়ায় ছেলের দায়ের কোপে নুর মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় হারুন গেটে এই ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ আশুলিয়ার টেঙ্গুরী এলাকার মৃত মোবারক আলী মণ্ডলের ছেলে। হত্যাকারী আফাজ উদ্দিন (৪০) নিহত নুর মোহাম্মদের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান।
আশুলিয়া থানার এসআই কাউছার হামিদ জানান, দীর্ঘ কয়েক বছর ধরে আফাজ উদ্দিনের মানসিক চিকিৎসা করে যাচ্ছে তার পরিবার। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার বাবা নুর মোহাম্মদ প্রায় রাতেই তার পাশে ঘুমাতেন। মঙ্গলবার রাতে নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যান। কিন্তু ভোর রাতে আফাজ উদ্দিন দা দিয়ে তার বাবার গলার পেছনে আঘাত করে। এ সময় বৃদ্ধ নুর মোহাম্মদ চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে যায়। এ সময় আফাজ দ্রুত পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন নুর মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





