ভোলার তজুমদ্দিনে একটি বলগা হরিণ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারি) রোববার দুপুরে তজুমদ্দিন থানা পুলিশ সোনার চর থেকে হরিণটি উদ্ধার করে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মদ জানান, রোববার দুপুরে মেঘনা নদীর সোনার চরের উত্তর মাথায় মিঠা পানি পান করতে আসলে পানির স্রোতে একটি বলগা হরিণ জেলেদের ইলিশ জালে জড়িয়ে যায়। এসময় জেলেরা হরিণটি উদ্ধার করে থানায় খবর দেয়।
পুলিশ চৌমুহনী এলাকা থেকে হরিণটি উদ্ধার করে থানায় এনে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করে। পরে উদ্ধারকৃত হরিণটি বাসন ভাঙ্গার চরে বনে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ওসি ফারুক আহম্মদ, উপজেলা ফরেস্ট অফিসার খন্দকার আরিফুল হক, এএসআই সুমন প্রমূখ।
শাহীন/এমবি





