খুলনার খালিশপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই যুবক জখম হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আসিফ (২২) খালিশপুর তৈয়বা কলোনীর হাবিবুর রহমানের ছেলে। আর জখম জোবায়ের খালিশপুর মানুষী বিল্ডিং এর আলতাফ হোসেনের ছেলে এবং মো: রানা ওয়ান্ডারল্যান্ড পার্কের মোড় এলাকার মো: সানোয়ারের ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে হামলার ঘটনা ঘটে। এতে আসিব নিহত হন। জোবায়ের (২৫) ও রানা (২৫) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, “স্থানীয় যুবকদের মধ্যে আধিপত্য নিয়ে হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। হতহতরা ছাত্রলীগের কোনও কমিটিতে নেই। এলাকার মিটিং মিছিলে আসতে পারে। পুলিশ এ ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি।”
এমবি





