টাঙ্গাইলে শিশু অপহরণের দায়ে উজ্জ্বল (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি ফরহাদ, মরিয়ম ও হাকিম হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন।
উজ্জ্বল জেলার কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশুলী (পিপি) একেএম নাছিমুল আক্তার জানান, ২০১৩ সালের ১৫ এপ্রিল উজ্জ্বল চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন।
পরদিন ওই শিশুর মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর শিশুটিকে পঞ্চগড় থেকে উদ্ধার করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার এই রায় দেন আদালত।
ওএফ





