উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্রবল স্রোতে ধ্বসে গেছে ধুনটের শহড়াবাড়ি স্পারের ৩০ মিটার স্যাংক।
শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনার পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় ৭১ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় ২০০২ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর আটাচর বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে শহড়াবাড়ি পর্যন্ত ৭০০ মিটার এলাকা জুড়ে স্পার নির্মাণ করা হয়।
স্পার নির্মাণ করায় যমুনা নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানি প্রবাহিত হওয়ায় ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে যমুনা পাড়ের মানুষ। কিন্তু নির্মাণের পর থেকে প্রতি বছর দফায় দফায় ভাঙনের শিকার হয় স্পারটি। বর্তমানে ওই স্পারের দৈর্ঘ্য ৭০০ থেকে কমে ২০০ মিটারে ঠেকেছে। সর্বশেষ ২০১৪ সালে স্পারটি সংস্কার করা হয়।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মোত্তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, স্পারের স্যাংক ধ্বসে গেছে। ধ্বস ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলা হচ্ছে।
জেআই





