রাজধানীর উত্তরার আজমপুর এলাকা থেকে বিরল প্রজাতির ৪৯টি কচ্ছপসহ দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মো. শাহীন এবং মো. হালিম। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি মাইক্রোবাসে করে কচ্ছপ পাচারের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা পাঁচটি লাগেজে তল্লাসি চালিয়ে বিরল প্রজাতির ৪৯টি কচ্ছপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

এমকে