রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত আরিফ নামের ওই পুলিশ সদস্যকে শুক্রবার গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তেজকুনিপাড়া এলাকায় শুক্রবার দুপুরে স্ত্রী তামান্নাকে কুপিয়ে জখম করেন পুলিশ কনস্টেবল আরিফ। ঘটনার পর রাতে স্ত্রী বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলে আরিফকে গ্রেফতার করে পুলিশ। 

ওসি বলেন, তামান্নার অভিযোগ- যৌতুকের দাবিতে আরিফ প্রায়ই তাকে নির্যাতন করে আসছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকেও এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। 

পরে তামান্নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তেজগাঁও থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন তিনি। শনিবার আরিফকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি মাজহারুল ইসলাম।

এমএনজে