করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে।

একই দিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৯২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনে। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন এবং মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৬১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৬৪ শতাংশ।

নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী নয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৩৮ জন বা ৭৭.৯৩ শতাংশ এবং নারী ১ হাজার ৩০ জন বা ২২.০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০.৫১ শতাংশ।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

এমবি