মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় ১১ দিনব্যাপী এক বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

রোবরার রাত ৯টায় উপজেলা আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। ২১ ডিসেম্বর এ মেলা শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী অফিসার আজাদ জাহান, ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মহিলা ভাইস চেয়াম্যান শারমিন আক্তার নাসরিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর, সোহেল রেজা, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মতিউর রহমান, দেশ বরেণ্য সংগীত শিল্পী এসআই টুটুল।

পুলিশ সুপার প্রলয় চিসিম উদ্বোধনী বক্তব্যে বলেন, মহান বিজয় উপলক্ষে বিজয় মেলার আয়োজন করার জন্য আমি আমলা সদরপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। এ মেলার মেলার মাধ্যমে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো সচেতন হবে বলে আমার বিশ্বাস।

সভাপতির বক্তব্যে কামারুল আরেফিন বলেন, আপনাদের জন্যই এই বিজয় মেলা। আসুন আমরা সকল খারাপকে না বলি এবং এই মহান বিজয়ের মাসে নিজেদের আরো সুন্দর করে গড়ে তুলি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিরুল ইসলাম, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলেমুর রেজা শাবান জোয়ার্দ্দার, আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আমলা ইউপি সদস্য সিদ্দীক আলী, আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম প্রমুখ।

পরে মেলায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রোতাদের গানে গানে মাতিয়ে তোলেন কুষ্টিয়ার কৃতি সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল।

কেএইচ