প্রায় দুই শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছে। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থাও গ্রহণ করেনি এখনো। সমুদ্রে ৩নং সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপটিতে ভ্রমণে যাওয়া এসব পর্যটক আটকে পড়েছে বলে জানা গেছে।
আটকে পড়া গাইবান্ধা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাসুদুর রহমান জানান, তিনি স্বপরিবারে গত সোমবার ৯ অক্টোবর সেন্টমার্টিনে যান। কিন্তু একদিন পর ফেরার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে ফিরতে পারেননি।
মাসুদুর রহমান জানান, তার মতো আরো দুশতাধিক পর্যটক ওখানে আটকে পড়েছে। তারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে বারবার তাদের আশ্বাসে ও কোন সমাধান আসেনি।
এদিকে যত দিন বাড়ছে পর্যটকদের মধ্যে হতাশাও বাড়ছে। তিনি জানান, আর এক বা দুই দিন অবস্থান করলে বাড়িতে ফেরার খরচ ও থাকবে না।
হোটেল মালিক সমিতির সভাপতি নুর আহমদ জানান, ৩নং সতর্ক সংকেত বলবৎ থাকায় এখনও সমুদ্র উত্তাল। টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে ভ্রমণে যাওয়া প্রায় দুই শতাধিক পর্যটক বিভিন্ন হোটেল ও কটেজে আটকা পড়েছে।
পর্যটকদের মাঝে হতাশা ও উদ্বেগ কাটাতে পরিষদের পক্ষে খোঁজ-খবর নেয়া হচ্ছে। পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের পরিচালক আব্দুল আজিজ জানান, ৩নং সতর্ক সংকেত ও সমুদ্র উত্তালের কারণে মঙ্গলবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। সমুদ্র শান্ত হলে আবার জাহাজ চলা শুরু করবে।
এ বিষয়ে হোটেল সি সেন্ড রিসোর্ট ব্যবস্থাপক সরওয়ার কামাল জানান, সি সেন্ড রিসোর্ট সহ অন্যান্য হোটেলে গত সোমবার থেকে পরিবার নিয়ে সেন্টমাটিন ভ্রমনে আসা কিছু পর্যটক আটকা পড়েছে। হঠাৎ সর্তক সংকেতের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকা পড়তে হয়েছে তাদের।
তবে যারা তাদের হোটেলে অবস্থান করছে তারা নিরাপদে আছে। আবহাওয়ার কারনে পর্যটকদের মন একটু খারাপ রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা থাকায় জাহাজ যেতে পারেনি। ফলে সেন্টমাটিন ভ্রমণে যাওয়া আটকা পড়া পর্যটকদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে খোঁজ-খবর নেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে আসলে তাদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, এ ধরনের সতর্ক বার্তা থাকলে নৌবাহিনীর জাহাজ ছাড়া আর কোন জাহাজ চলতে পারে না। পূর্বে ও যারা আটকে পড়েছিল তাদের নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার করা হয়েছে। অবস্থা বুঝে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানিয়েছেন।
এসএম





