চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ঘাট ফরহাদবেগ এলাকায় একটি আইসক্রিম কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশের ভয়াবহ চিত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই সাঁড়াশী অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

অভিযানে পূর্বানী বেকারি এবং এনার্জি আইসক্রিম ফ্যাক্টরি নামের দুটি কারখানা সিলগালা করে দিয়ে প্রতিটি কারখানার মালিককে দুই লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, পূর্বানী বেকারি নামের ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযানকালে দেখা যায় ফ্যাক্টরির যে পাত্রে খামির তৈরি করা হয় সেটি গত ৫ বছরে এক দিনের জন্যও পরিস্কার করা হয়নি। এ ছাড়া এখানে ৫ বছর ধরে সংরক্ষিত ডালডা দিয়ে ঘি, মাখন, বাটার ইত্যাদি তৈরি করে বেকারি খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছে।

এই কারখানার পরিবেশ এতই নোংরা আবর্জনাযুক্ত যে পুরো কারখানাটিই যেনো একটি ডাস্টবিন। আর এই ডাস্টবিনের ভেতরে থেকে নোংরা অস্বাস্থ্যকর দূষিত বিষাক্ত ব্রেড, বিস্কুট ও অন্যান্য ফাস্টফুড তৈরি করে খোলা বাজারে বিক্রি করে আসছিলো কারখানার মালিক। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে তাৎক্ষণিক দুই লাখ টাকা জরিমানা করে পুরো কারখানা সীলগালা করে দেন।

ম্যাজিস্ট্রেট জানান, ঘাটফরহাদবেগ এলাকার এনার্জি আইসক্রিম ফ্যাক্টরি নামক কারখানায় অভিযানকালে দেখা যায় এই কারখানায় সরাসরি ওয়াসার দূষিত পানি মোটরের সাহায্যে টেনে নিয়ে আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া আইসক্রিমে চিনির পরিবর্তে নিষিদ্ধ ঘনচিনি, ক্ষতিকর রং এবং কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। আদালত এই আইসক্রিম কারখানাটিও সীলগালা করে দিয়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন।

এম আর