ভোলার তেতুঁলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ শ্রমিকের একমাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও জব্দ করা হয়েছে একটি ড্রেজার ও একটি বালগেট।

বুধবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান এ জেল দেন।

দন্ডাপ্রাপ্তরা হলেন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার মৃত আলকাজ মোল্লার ছেলে হানিফ (৩০) ও ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের আলতাব হোসেনের ছেলে ওমর ফারুক (৩৫)।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড পুলিশের একটি টিম ভোলার তেতুলিয়া নদীতে অভিযান চালায়।

এ সময় তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জমজম লোড ড্রেজার ও এমভি জমজম বালগেট জব্দ করা হয়।

পরে এ নৌ-যান থেকে ২ শ্রমিককে আটক করার পর ভ্রাম্যমান আদালন উভয়ের এক মাস করে কারাদন্ড দেয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রে মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারায় অবৈধ ড্রেজার, বালগেট জব্দ করে অভিযুক্তদের কারাদন্ড দেয়া হয়েছে। মেঘনা ও তেতুলিয়ায় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য,গত কয়েক মাস ধরে প্রভাবশালী কয়েকটি চক্র অবৈধভাবে মেঘনা এবং তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে ভাঙ্গন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নদীর গতি পরিবর্তন হয়ে ঝুঁকির মধ্যে পড়েছে জেলার বিভিন্ন এলাকায়। অবৈধ এ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের অভিযান চলছে।

এসএইচ