গাজীপুরের কালিগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার পুত্র হাবীবুর রহমান ফয়সালকে গুলি করে হত্যা মামলার মূল আসামী তৌহিদুল ইসলাম ওরফে রিমনকে (২৭) গ্রেপ্তার করেছেন র্যাব-১ এর সদস্যরা।
রোববার সকালে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিউল ইসলাম সন্ত্রাসী রিমনকে গ্রেপ্তারের বিষয়টি এক ক্ষুদে বার্তায় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
৩০ জুলাই রোববার আনুমানিক রাত ১০টার দিকে রিমনের বাড়ি সংলগ্ন একটি নির্জনস্থানে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে তারা ছুটে গিয়ে রিমনকে দৌড়ে পালাতে এবং ফয়সালকে রক্তাত্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ফয়সালের বাবা মোখলেছুর রহমান জিতু মিয়া ১৯৭৩ সালে কালীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, ১৯৭৯ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এইচএম এরশাদের আমলেও ১৯৮৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
এমএনজে





