রাজশাহীর বাগমারায় খয়ের উদ্দিন (৪০) নামের এক জঙ্গিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার ঝিকড়া ইউনিয়নের কুদাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এনিয়ে গত চার দিনে বাগমারায় মোট আট জঙ্গিকে গ্রেফতার করলো পুলিশ।
পুলিশের ভাষ্য, খয়ের উদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত সদস্য। খয়ের উদ্দিন বাংলা ভাইয়ের হাত ধরে তৎকালীন জেএমবিতে যুক্ত হন। ওই সময় সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডেও অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
বাগমারা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সোমবার ভোরে নিজ বাড়ি থেকে খয়ের উদ্দিনকে আটক করা হয়। জঙ্গিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই অভিযান চালায় পুলিশ।
আসাদুজ্জামান আরো জানান, খয়ের উদ্দিন জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমজেবির সদস্য। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।
এমএনজে





