যশোরে রাস্তার পার হওয়ার সময় ট্রাকচাপায় মা নিহত হয়েছেন। এ সময় শিশুপুত্র আহত হয়েছে।

শুক্রবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নূরজাহান বেগম (৪০)। তিনি চুড়ামনকাটি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। আহত শিশুপুত্রের নাম সোহেল (৬)।

কোতোয়ালি থানার ওসি শিকদার আককাছ আলী জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

নিহতের প্রতিবেশী মাসুদ রানা জানান, সকাল ৮টার দিকে নূরজাহান বেগম তার শিশুপুত্র সোহেলকে নিয়ে চুড়ামনকাটি বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন।

চুড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থানীয় শহিদুল ইসলামের ইটভাটার মাটিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ছেলেসহ নূরজাহার মারাত্মক আহত হন।

তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, আহত ছেলে সোহেলের অবস্থাও আশঙ্কাজনক।

এআর