রাজধানী ঢাকাতে প্রায় ৯৫ শতাংশ অবৈধ বিলবোর্ড অপসারিত হয়েছে। এবং দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট সব বিলবোর্ড অপসারিত হবে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মঙ্গলবার বিকেলে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজধানীর দখল হওয়া খালগুলি পুনরুদ্ধারে বদ্ধপরিকর। এ সরকার প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে থাকা নগরীর ২৬টি খালের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে এই খালগুলিতে পানির প্রবাহ সচল আছে।

মন্ত্রী সংসদকে আরো জানান, চলতি অর্থবছরে দেশে এলজিইডির অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় এক হাজার ৩০১ দশমিক ৫ কোটি টাকা এবং অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ সড়ক ও হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৮ দশমিক ৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এসএইচ