বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের বাছাই ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন পদের ১৪৩ জন চাকরি প্রার্থী নিয়োগপত্রের দাবিতে কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ ঘেরাও ও বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি। এতে করে প্রধান কার্যালয়সহ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রমও বন্ধ রয়েছে।
ঘেরাও কর্মসূচি চলাকালে চাকরি প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- জুবায়ের আহম্মেদ, রফিকুল ইসলাম, হীরা লাল দেবনাথ, সাদ্দাম হোসেন, জামাল মিয়া, কামাল হোসেন প্রমুখ।
সমাবেশে চাকরি প্রার্থীরা বলেন, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার পরও ১৪৩ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বার বার গড়িমসি করা হচ্ছে।
২০০৮ সালের ৩০ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের পর ২০১১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেক্ট্রিশিয়ান ও অ্যাটেন্ডেন্ট- এ চার পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়।
এরপর ১৪৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীতও করা হয়।
এ অবস্থায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে সংসদীয় কমিটি তা তদন্ত করে। পরে তৎকালীন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ও মহাব্যবস্থাপক (মানব সম্পদ উন্নয়ন বিভাগ) মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়। অনিশ্চয়তায় পড়ে নিয়োগ প্রক্রিয়াটি।
এরপর থেকেই ওই ১৪৩ জন প্রার্থী আন্দোলন করছেন এবং গত বছর (২০১৩) উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। উচ্চ আদালত চলতি বছরের ২৩ জুন নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ছয় মাস সময় বেঁধে দেন।
রায়ের চার মাস পার হলেও কোম্পানি কর্তৃপক্ষ এখনও নিয়োগদানের কোনো কার্যক্রম শুরু করেনি।
এসএইচ





