হজ এবং তাবলীগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তিনি যা করেছেন তাকেই এর মাশুল দিতে হবে। এটার দায়-দায়িত্ব সরকার বা আওয়ামী লীগ নেবে না।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গরীব ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণকালে তিনি এ কথা বলেন।
মতিয়া বলেন, আমাদের নেত্রী আমাদের চেয়ে অনেক বেশি পরহেজগার। তিনি সঙ্গে সঙ্গে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। লতিফ সিদ্দিকী মন্ত্রীসভায় নাই, কিন্তু এই আনুষ্ঠানিকতা রাষ্ট্রপতির মাধ্যমেই করতে হয়। তিনি হজ শেষে দেশে ফিরলে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের জায়গা দিলেন। আর আমাদের নেত্রী বিশ্ব ইজতেমার জন্য মাঠটা দিলেন। আর সেখানে এ রকম বাজে কথা কেউই সমর্থন করবে না। এটা কোন সুস্থ মস্তিষ্কের লোক করতে পারে না।
মন্ত্রী নকলা উপজেলার ২টি ইউনিয়ন ও নালিতাবাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন এবং পৌরসভার মোট ৯ হাজারেরও বেশি গরীব মানুষের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাস্টারসহ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
জেআই





