জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ বুধবার এক বাণীতে এরশাদ বলেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সব সময় পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার আনন্দে মেতে উঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উৎসবের আমেজ নিয়ে। ১৪২৩ সন দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নিরবিচ্ছিন্ন ধারা।
এরশাদ বলেন, বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে বিগত ১৪২২ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আগামী বছরকে স্মরণীয় করে রাখতে চাই। সন্ত্রাস মুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যে কোন ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহন করতে হবে নতুন বছরের শুরুতেই।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন বছরে জন-জীবনের পুঞ্জিভুত সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
এমআইএস।





