ইউনাইটেড হাসপাতালের এক রোগীকে যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলায় প্রধান অভিযুক্ত স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে নারী রোগীকে যৌন নিপীড়নের ঘটনা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ওই দিন এ প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট গুলশানের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালক ও জড়িত স্টাফ নার্সের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে জড়িত সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে হাজিরের গুলশান থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল।
ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে এক নারী রোগীকে যৌন নিপীড়নের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
যৌন নিপীড়নের অভিযোগে হাসপাতালের সাইফুল ইসলাম নামে ব্রাদারকে (স্টাফ নার্স) চাকরিচ্যুত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার ঘটনাটি ঘটলে বুধবার বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার সাইফুলকে হাসপাতাল কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে।
এবি





