ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাঁপসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশী গরু ব্যবসায়ী মোবারক (৩৫) ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর দুদিন পর লাশ ফেরত দিয়েছে। গত রাত ১২টায় চাঁপসা সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখারুল ইসলাম খন্দকার, ২ বিজিবির সি কোম্পানি কোম্পানি কমান্ডার আঃ সালাম, হরিপুর থানা অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম প্রধান উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে ছিলেন, কমান্ডার ভিতাসে এইচ।

বিজিবি লাশ গ্রহণের পর হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে মঙ্গলবার সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠায়।  ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতলে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার দুপুরে মারা যান তিনি। মোবারক ভাতুরিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের বেলাল হোসেনের ছেলে। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় অপর আহত গরু ব্যবসায়ী মইনুল (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, পোস্টমোর্টেম হওয়ার পর পরিবারের কাছে লাশ দেওয়া হবে।

এএইচ