প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সংকট নিরসনে বিদেশি সহায়তার প্রয়োজন নেই।এ সমস্যা সমাধানে আমরা যথেষ্ট সক্ষম।

অমর একুশে উপলক্ষে শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ সেলিনা হোসেন। সেমিনারের বিষয় ছিল ভাষা আন্দোলন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস :নারীর প্রজ্ঞা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এই সেমিনারে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জিন্নাত ইমতিয়াজ আলীও বক্তৃতা করেন।

শেখ হাসিনা বলেন, যে অবস্থা চলছে তা চলতে দেয়া যায় না। এর বিরুদ্ধে  দেশবাসীকে আরো সচেতন হতে হবে। যেভাবে আন্দোলনের নামে  পেট্রোলবোমায় মানুষ মারা হচ্ছে তা বাঙালির অস্তিত্বের ওপর আঘাত।

প্রধানমন্ত্রী আরো বলেন, ভাষা, সংস্কৃতি, সাহিত্যে বাঙালির  যে নিজস্ব ইতিহাস তা সংরক্ষণ, প্রচারের ব্যবস্থা করতে হবে। বিশ্বের সকল মানুষের ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।চলমান সংকটময় পরিস্থিতি  থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে একুশের আমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি অনুবাদ করে মারমা, ত্রিপুরা, বম ও ম্রো ভাষায় গাওয়া হয়। এর আগে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টি ভাষায় ‘একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজানো হয়।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। এ সময় ইনস্টিটিউট থেকে ভাষা ও সাহিত্যে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের কথাও বলেন তিনি।

জেআই